মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চড়হামকুড়িয়া গ্রামের পূর্ব পাশের ভুট্টাক্ষেত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চড়হামকুড়িয়া গ্রামের শামীম রেজার স্ত্রী লাবনি খাতুন সকালে ছেলেকে নিয়ে বোরো ধানের জমি দেখতে যান। এ সময় পাশের ভুট্টাক্ষেতের ভেতর তার ছেলে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। কান্নার শব্দ শুনে তার মাকে বললে ভুট্টাক্ষেতের ভেতর গিয়ে নবজাতককে দেখতে পান লাবনি। পরে তিনি বাড়িতে ফিরে এসে তার স্বামীকে বিষয়টি জানান। এরপর স্থানীয়রাসহ স্বামী শামীম রেজা ভুট্টাক্ষেত থেকে ঐ মেয়ে নবজাতককে উদ্ধার করেন। তারপর তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
.png)
বিষয়টি তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি শিশুটিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পাঠান।
লাবনী খাতুন বলেন, আমি সকালে ছেলেকে নিয়ে বোরো ধানের জমি দেখতে গেলে ভুট্টাক্ষেত থেকে ঐ মেয়ে বাচ্চাটি দেখেতে পেয়ে বাড়িতে নিয়ে আসি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাচ্চাকে তাড়াশ হাসপাতালে নিয়ে যাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, বাচ্চাটি হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। বাচ্চাটি এখন সুস্থ্য আছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, নবজাতক পাওয়ার খবরটি জানার পর নবজাতককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে বাচ্চাটি সুস্থ্য আছে। ইউএনও মহোদয়ের কাছে বাচ্চাটি দত্তক নেয়ার জন্য অনেকে আবেদন করেছেন। মিটিং করে এ বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম বলেন, থানা প্রশাসনের মাধ্যমে শিশুটিকে রাজশাহী সোনা মনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে তাড়াশের ইউএনও সুইচিং মং মারমা জানান, বাচ্চাটি দত্তক নেয়ার জন্য অনেকেই আবেদন করেছেন। জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক বাচ্চাটিকে রাজশাহী সোনা মনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কাগজপত্র সম্পন্ন করে তাকে রাজশাহী পাঠানো হবে।