উখিয়ায় ব্যাটারির পানি পান করে চারজন হাসপাতালে
কক্সবাজারের উখিয়ায় ইফতারের সময় ঠাণ্ডা পানি মনে করে ভুলবশত ব্যাটারির পানি পান করেছেন চারজন ব্যক্তি। তাদের গুরুতর আহত অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গয়ালমারা এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে নুরুল বশর (৪০), নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম (১৮), মৃত ইমাম শরীফের ছেলে ইসহাক আহমেদ (৬২) ও সোনা আলীর ছেলে আবদুল কাদের (৩৮)।
.png)
গয়ালমারার স্থানীয় দোকানদার জয়নাল জানান, প্রতিদিনের মতো তারা (চারজন) রোজার শুরু থেকেই দোকানে বসে ইফতার করে আসছিলেন। বৃহস্পতিবার ইফতারের সময় ঘনিয়ে আসলে সবাই পানি মনে করে ভুলবশত ব্যাটারির পানি পান করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আশিকুর রহমান জানান, এদের মধ্যে দু’জন ব্যক্তি ব্যাটারির পানি বেশি পান করে ফেলছে। তাদের অবস্থা একটু বেশি খারাপ। বর্তমানে চারজনই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।