ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১৪ মামলার আসামি ফের মাদকসহ গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ১৮ মার্চ ২০২৪
১৪ মামলার আসামি ফের মাদকসহ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ে ফেনসিডিলসহ মিজানুর রহমান মিজান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সব আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে, গত রোববার (১৭ মার্চ) রাতে পুরাতন পঞ্চগড়ে এশিয়া ডিস্টিলারিজ এলাকায় তার ছবি বাধাইয়ের দোকান থেকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজান পুরাতন পঞ্চগড় এলাকার মৃত মমিনুর রহমান মমিনের ছেলে।

পুলিশ জানায়, মিজান দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক কেনা-বেচা করে আসছিলেন। মাদক কেনা-বেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক ক্রেতারা পালিয়ে গেলেও ধরা পড়েন মিজান। পরে তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল ও ১০টি খালি ফেনসিডিলের বোতল জব্দ করা হয়।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রন্জু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মিজান দীর্ঘদিন যাবত মাদক কেনা-বেচার সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে পূর্বের ১৪টি মামলা রয়েছে। একইসঙ্গে তিনি পঞ্চগড়ের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদক মামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!