লঞ্চের পাখায় কাটা পড়ে জেলে নিখোঁজ, এক পা উদ্ধার
বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নৌ-বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ঐ জেলের নাম আবেদ আলী (৩০)। তিনি নগরের রসুলপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সোহরাব সর্দারের ছেলে। তিনি বেদে সম্প্রদায়ের জেলে।
জেলে আবেদের স্ত্রী রুমা জানান, তার স্বামী ও তার ভাগ্নে ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন। স্রোতের টানে জাল গিয়ে নৌ-বন্দরে থাকা বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় আটকে যায়। লঞ্চের পেছনে থাকা এক কর্মচারীকে বলে পাখা থেকে জাল ছাড়াতে যান আবেদ। জাল ছাড়ানোর সময় ইঞ্জিন চালু করলে তিনি পাখায় কাটা পড়েন।
বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- লঞ্চের পাখায় কাটা পড়ে জেলে আবেদ নিহত হয়েছেন। পাখায় কাটা পড়া একটি পা উদ্ধার করা হয়েছে। বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।
পারাবাত লঞ্চের সুপারভাইজার সেলিম জানান, লঞ্চের নিচে একজন জেলে জাল ছাড়াতে গিয়েছে কেউ বিষয়টি জানায়নি। ঘাটে লঞ্চ সরানোর জন্য ইঞ্জিন চালু করা হয়। দুর্ভাগ্যক্রমে এ ঘটনা ঘটেছে। চিৎকার শুনে বিষয়টি জানতে পেরে ইঞ্জিন বন্ধ করা হয়েছে।
বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, খবর শুনে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ পাঠানো হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা করছেন। উদ্ধারের পর পরবর্তী সিদ্বান্ত নেয়া হবে।