ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭, ১৮ মার্চ ২০২৪
পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফাইল ফটো

পিরোজপুর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসার শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্টান্ডের সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার নুর মোহাম্মাদের ছেলে মাসুম বিল্লাহ ও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা উমেদপুর এলাকার মালেক শেখের ছেলে মো. হাসিব শেখ। আহত নুরু ও আরিফকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্টান্ডের সড়কে পিরোজপুর থেকে একটি মোটরসাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যটি ইন্দুরকানী থেকে পিরোজপুরে আসছিল। মল্লিকবাড়ি এলাকায় আসলে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটরসাইকেলের চার আরোহীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া দুইজনের অবস্থা গুরুতর অবস্থায় রয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!