রাজবাড়ীতে ভবনের গেট ভেঙে ডাকাতি, গ্রেফতার ৫ ডাকাত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাহিরচর গ্রামে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারকৃত ডাকাতদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা থানার জুঙ্গুরদি গ্রামের রেজাউল ঠাকুর (৪৭), বোয়ালমারী উপজেলার নয়নদিয়া গ্রামের ফারুক মোল্লা (৪০), তেলজুড়ি গ্রামের আমিরুল শেখ (৩২), সালথা থানার কসবাপট্টি গ্রামের ইসহাক মন্ডল (৩০) ও কোতয়ালী থানার ব্রাক্ষ্মণকান্দা গ্রামের সরোজিৎ দত্ত (৫২)।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, পাঁচজনকে গ্রেফতার করা ছাড়াও ডাকাতির কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি সোনার গহনা, একজোড়া কানের দুল, একটি আংটি, বারো আনার গলিত সোনা, একটি লোহার দা, একটি লোহার রড ও প্লাটিনা মোটরসাইকেল। গ্রেফতারকৃত ডাকাতদের বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
.png)
ডাকাতির ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী লিটন সরকার জানান, ওই দিন সকালের খাবার খাওয়ার কিছু সময় পর থেকে তাদের ঘুমঘুম অনুভব হচ্ছিল। প্রতিবেশীদের পরামর্শে তারা সবাই তেঁতুল খান। রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। তাদের বাড়িটি একতলা ভবন। রাত সাড়ে ১২টা থেকে রাত ২টার মধ্যে সাত-আটজনের একদল ডাকাত ভবনের গেট ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতদল প্রথমেই লিটনের হাত-পা বেঁধে ফেলে। এরপর বাড়ির অন্যদের জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, তিনটি সোনার চেইন, পাঁচ জোড়া সোনার কানের দুল, তিনটি আংটি ও তিনটি মুঠোফোন নিয়ে যায়।