আলমডাঙ্গায় ভাড়ায় এসে যাত্রীবেশী চোর চক্রের ফাঁদে পড়ে ভাড়ায় চালিত অটোরিকশাটি হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র চালক।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা পৌর শহরের হলুদ পট্টি এলাকা থেকে যাত্রীবেশী চোরচক্র কৌশলে অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পরে চালক ইমরান হতাশাগ্রস্ত হয়ে আলমডাঙ্গা শহরজুড়ে খুঁজতে থাকে তার অটোরিকশা। অনেক খোঁজাখুঁজি করেও সেটি না পেয়ে পুলিশকে অবগত করেন।
.png)
খবর পেয়ে হরিণাকুন্ডু থেকে ইমরানের পিতা ইউনুস আলীর ছুটে আসেন আলমডাঙ্গায়। তিনি জানান, গত চার বছর হরিণাকুন্ডু উপজেলা শহরে ব্যাটারিচালিত ভ্যান (পাখি ভ্যান) চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। ইমরানের চার বছর ও তিন বছরের দুটি মেয়ে এবং সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তান থাকায় পরিবারে আর্থিক চাপে পড়েন। সে কারণে আয় রোজগার বাড়াতে স্থানীয় এক ব্যবসায়ীর নিকট থেকে একটি অটোরিকশা ভাড়ায় নেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে হরিণাকুন্ডু বাজার হতে আলমডাঙ্গা শহরে আসেন। দুপুর ১২টার দিকে শহরের হলুদপট্টি এলাকায় তাকে অটোরিকশা থামাতে বলেন। ওই ব্যক্তি বিস্কুট কেনার অজুহাতে বাজারে প্রবেশ করেন। অটোতে তালা দিয়ে ইমরানও তার সঙ্গে যান। সেখান থেকে ফিরে এসে দেখেন তার অটো নেই।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ইমরান বলেন, সামনে ঈদ। ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ভাড়ায় এসেছিলাম। গাড়িটাও হারিয়ে গেল। একমাত্র আল্লাহই জানেন আমার কী হবে। সব শেষ হয়ে গেল।
আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি শেখ গনি মিয়া জানান, অটোরিকশা চুরির ঘটনায় অভিযোগ করা হয়েছে। জড়িতদের ধরতে ও সেটি উদ্ধারে কাজ চলছে। এছাড়া শহরের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।