[ দেশজুড়ে ]
কৃষিজমি থেকে মাটি কাটায় একজনের অর্থদণ্ড, চারজনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে চারজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ইসলামপুর, মজলিশপুর ও কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ুম খান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিংগাইর উপজেলার ইসলামপুর গ্রামের মুরাদ হোসেন, চর জামালপুর গ্রামের আসিফুল, একই গ্রামের সোহাগ হোসেন, মো. হৃদয় হোসেন ও চর আজিমপুর গ্রামের সজীব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান জানান, উপজেলার বিভিন্ন জায়গায় রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মোট পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মুরাদ হোসেনকে দুই লাখ টাকা অর্থদণ্ড ও বাকি চারজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফসলি জমি থেকে মাটিকাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!