ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে স্কুলব্যাগে ককটেল, যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ২৯ মার্চ ২০২৪
মাদারীপুরে স্কুলব্যাগে ককটেল, যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে ককটেলসহ নাসির কাজী নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে নাসির কাজীকে আটক করা হয়।

আটককৃত নাসির কুমিল্লার বাচ্চু কাজীর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ থেকে ককটেল উদ্ধার করা হয়। এ সময় স্কুলব্যাগ বহনকারী নাসিরকে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও অংশ নেয়।

Advertisement

কালকিনি থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নাসির দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশে ককটেলগুলো আনা হয়েছিল। তবে স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে তা এখনো বলা সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট আসলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদের খবর দেওয়া হয়েছে। পরে এগুলো নিষ্ক্রিয় করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ককটেল
লিংক সফলভাবে কপি হয়েছে!