ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাকি চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, দোকান মালিক গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ৩ এপ্রিল ২০২৪
বাকি চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, দোকান মালিক গ্রেফতার
গ্রেফতারকৃত নিলয়

ফেনীর সোনাগাজীতে দোকানে বাকি দেওয়াকে কেন্দ্র করে আবির হোসেন ছোটনকে ছুরিকাঘাতে হত্যা মামলায় দোকান মালিক মো. নিলয়কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানী ঢাকার মিরপুর মডেল থানাধীন আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ। গ্রেফতার নিলয় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের মো. বাবুলের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ইফতারের আগে নিলয়ের দোকানে মালামাল কিনতে যান নিহত ছোটন। আগের টাকা না দেওয়ায় দোকানি নিলয় বাকিতে মালামাল বিক্রি করতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নিলয়কে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করেন ছোটন। নিলয় তার বড় ভাই আরিফুল ইসলাম হৃদয়কে ফোন করে ডেকে আনলে ছোটন হৃদয়কেও কিলঘুষি মারেন। একপর্যায়ে হৃদয় দোকানে থাকা ছুরি দিয়ে ছোটনের বুকে-পেটে আঘাত করেন। এ সময় স্থানীয়রা ছোটনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। 

Advertisement

এ ঘটনায় ২৫ মার্চ রাতে নিহতের ভাই মো. আরমান হোসেন জাফর বাদী হয়ে দোকানির বড় ভাই আরিফুল ইসলাম হৃদয়, দোকানি মো. নিলয় ও দোকান কর্মচারী আবদুল্লাহ আল মামুনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ২৬ মার্চ ওই দোকানের কর্মচারী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম হৃদয় পলাতক রয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, গ্রেফতারকৃত নিলয়কে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!