ঈদে বাড়ি ফেরা হলো না জিয়ার
বুকভরা স্বপ্ন নিয়ে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন মো. জিয়াউর রহমান জিয়া। ঢাকা থেকে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনে নাটোরের মাধনগর রেলস্টেশনে নামেন তিনি। এরপর অটোভ্যানে যাচ্ছিলেন বাড়ি। পথেমধ্যে হঠাৎ একটি মাইক্রোবাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় মাইক্রোবাস চালক নুর মোহাম্মদ ও হেলপারকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টার দিকে উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের নাটোর-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রহমান নলডাঙ্গা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামের মো. রহমতুল্লাহের ছেলে। তিনি গার্মেন্টস চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে তিনি বাড়ি ফিরছিলেন। সকালে মাধনগর রেল-স্টেশনে নামার পর অটোভ্যানে করে নিজ গ্রাম হলুদঘরে ফিরছিলেন। পথে নাটোর-নওগাঁ মহাসড়কের পশ্চিম সোনাপাতিল গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিয়াউর রহমান মারা যান। আহত হন ভ্যানচালক জামিল। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি মাইক্রোবাসসহ চালক নুর মোহাম্মদ ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।