ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন প্রসূতি

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ৮ এপ্রিল ২০২৪
চলন্ত ট্রেনে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন প্রসূতি
চলন্ত ট্রেনে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন প্রসূতি -ছবি: সংগৃহীত

খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী ‌‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের বগিতে এক নারী সন্তান প্রসব করেছেন। সোমবার সকালে ঈশ্বরদীর কাছাকাছি চলন্ত ট্রেনের ‘ঙ’ বগিতে ওই প্রসূতি মা সন্তানের জন্ম দেন। ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে মা ও নবজাতককে একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসূতি স্বর্ণা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের হুগরি পান্তাপাড়া গ্রামের ইয়াসিন আরাফাতের স্ত্রী।

Advertisement

ট্রেনে কর্তব্যরত পরিচালক (গার্ড) ইলিয়াস কবীর জানান, খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি সকালে খুলনা থেকে ছেড়ে আসে। সকাল সোয়া ৯টার দিকে দর্শনা রেলস্টেশনে পৌঁছালে ওই প্রসূতি তার পরিবারসহ ‘ঙ’ নম্বর বগিতে ওঠেন। ট্রেনটি বেলা পৌনে ১১টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে এলে ওই নারীর প্রসববেদনা শুরু হয়।

তাৎক্ষণিকভাবে ট্রেনে কোনো চিকিৎসক আছেন কি না জানতে চেয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শুনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. নাজনীন আক্তার দ্রুত ‘ঙ’ নম্বর বগিতে এসে নিজের পরিচয় দেন। পরে তার সহযোগিতায় ১১টা ৪০ মিনিটে একটি ছেলে সন্তানের জন্ম দেন ওই প্রসূতি।

ডা. নাজনীন আক্তার বলেন, আমি ট্রেনে আলমডাঙ্গা থেকে রাজশাহী যাচ্ছিলাম। মাইকিং শুনে ‘ঙ’ বগিতে ছুটে যাই। সেখানে কাপড় টাঙিয়ে তিন সিটের একটি চেয়ারে শিশুটি ভূমিষ্ঠ হয়। জন্ম প্রসবে কোনো সমস্যা হয়নি। 

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!