ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অশ্লীল ভিডিও দেখিয়ে মেয়েকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ৮ এপ্রিল ২০২৪
অশ্লীল ভিডিও দেখিয়ে মেয়েকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে জখম
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের মা প্রতিবাদ করলে পিটিয়ে তার ডান হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন পাষণ্ড স্বামী।

রোববার বিকেলে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউপির মালোহার গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নারী নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন।

আহত নারী বলেন, আমার স্বামী আমাকে দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। এমনকি আমার মেয়েকে ঘরে একা পেলে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়। আমার মেয়ে আমার কাছে সবকিছু খুলে বললে এর প্রতিবাদ জানাই। এতে ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে পিটিয়ে আমার ডান হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গা জখম করে। এ ঘটনায় রোববার রাতে নলছিটি থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যেতে বলেন।

Advertisement

ভুক্তভোগী মেয়ে বলেন, বাবা বিভিন্ন সময় অশ্লীল ভিডিও দেখিয়ে আমাকে কুপ্রস্তাব দেয়। বিষয়টি আমার মাকে জানালে তিনি প্রতিবাদ করেন। এতে বাবা ক্ষিপ্ত হয়ে মাকে তাকে নির্মমভাবে মারধর করে। এর আগেও একবার তিনি একই ধরনের ঘটনা ঘটান। তখন মা থানায় অভিযোগ দিয়েছিলেন। ওই সময় বাবা ভুল স্বীকার করে ক্ষমা চাইলে মা তাকে ক্ষমা করে দেন এবং অভিযোগ তুলে নেন।

মেয়েটি আরো বলেন, আর কোনো বাবা যেনো তার মেয়ের সঙ্গে এমন কাজ না করতে পারে সেজন্য এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বলেন, পারিবারিক কলহের জেরে আমার স্ত্রীকে শাসন করেছি। তবে মেয়েকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!