ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মার শাখা নদীতে এবার ভেসে উঠল রামিনের মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬, ১৩ এপ্রিল ২০২৪
পদ্মার শাখা নদীতে এবার ভেসে উঠল রামিনের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড়ে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র রামিন আরিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের অদূরে ভাসমান মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। 

এর আগে, শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ রামিনের বাবা রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু এবং তার ভায়রা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈদের ছুটিতে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে গোসলে নেমে শুক্রবার বিকেলে নিখোঁজ হয় বাবা-ছেলেসহ তিনজন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা ওই উপজেলার বেসনাল এলাকার তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসে। পরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। এ সময় তারা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসলে নামে। গোসল করার সময় রামিন নদীর স্রোতের তোড়ে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তারাও ভেসে যায়।

Advertisement

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও নৌপুলিশের টিম। পরে ঢাকার ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয়।

টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল জানান, শনিবার সকাল ৯টা থেকে পুনরায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়। সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের অদূরে রামিনের ভাসমান মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা। এ ঘটনায় নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!