ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাবেক প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ, যুবকের লাশ মিলল গাছের ডালে

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৩ এপ্রিল ২০২৪
সাবেক প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ, যুবকের লাশ মিলল গাছের ডালে
ফাইল ফটো

শরীয়তপুরের জাজিরায় একটি আমবাগান থেকে লতিফ (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর লাশ গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পালেরচর ইউনিয়নের দড়ি কান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত লতিফ উপজেলার ইয়াসিন আকন কান্দি এলাকার সামসুলের ছেলে।

জানা গেছে, লতিফের সঙ্গে একই এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ৮ বছর আগে মেয়েটির বিয়ে হয়ে যায়। তবে তার সঙ্গে লতিফের যোগাযোগ ছিলো। শুক্রবার সন্ধ্যায় মেয়েটির সঙ্গে পদ্মা নদীরপাড় মাঝিরঘাট এলাকায় সাক্ষাৎ করতে যান লতিফ। এ সময় স্থানীয়রা তাকে মারধর করেন ও আটকে রাখেন। বিষয়টি লতিফের পরিবারকে জানালে তারা যাওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

এরপর থেকেই লতিফের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পরে রাত ১০টার দিকে পালেরচর ইউনিয়নের দড়ি কান্দি এলাকার একটি আমবাগানে লতিফের ঝুলন্ত লাশ দেখতে পেলে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা।

মৃতের ভাই সজিব অভিযোগ করে বলেন, ঐ মেয়ে বিয়ের পরেও আমার ভাইকে ফোন দিত। তাছাড়া মেয়ের স্বামীও ভাইয়ার সঙ্গে কথা বলত। শুক্রবার মেয়েটির স্বামী ফোন দিয়ে আমার ভাইকে ডেকে নেয়। ওরা মিলেই আমার ভাইকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গলায় ফাঁস নিয়েছে ঐ যুবক। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকিটা ফলাফল আসলে বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!