ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে হামলা, চারজন গুলিবিদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ১৩ এপ্রিল ২০২৪
হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে হামলা, চারজন গুলিবিদ্ধ
ফাইল ফটো

রাজবাড়ীর পাংশায় প্রদীপ মণ্ডল নামে এক হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে দুদফা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঐ পরিবারে চার সদস্য দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাতে দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মিশ্রীপাঁচবাড়িয়া গ্রামের ঐ কর্মকর্তার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রদীপ মণ্ডল রাজবাড়ী জেলা অ্যাকাউন্টস অফিসের হিসবারক্ষণ হিসেবে কর্মরত আছেন। এ বিষয়ে পাংশা থানায় মামলা করা হয়েছে।

গুলিবিদ্ধ আহতরা হলেন- কানু মণ্ডলের ছেলে লক্ষ্মণকুমার মণ্ডল (৩৭), বিকাশ চন্দ্র মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২২), গেদুনাথ মণ্ডলের ছেলে রুপ চাঁদ মণ্ডল (৩৭) ও নীল মণ্ডলের ছেলে বিবেক চন্দ্র মণ্ডল (৪৮)। আহতরা সবাই মিশ্রীপাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা।

Advertisement

প্রদীপ মণ্ডল বলেন, ‘আমি গতরাতে বাড়িতে এসেছি। রাত ৩টার দিকে আমাদের বাড়ির পেছন দিকে আমার ছোট ভাইয়ের ঘরের দরজা ভেঙে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এরপর তারা আমার বাবার ঘরে যায়। আমি বিষয়টি বুঝতে পারার পর তাদের সঙ্গে কথা বলে ব্যস্ত রাখি। এ সুযোগে আমার এক ভাই পুলিশকে ফোন করে। পাশাপাশি আশেপাশের প্রতিবেশীদের ডেকে তোলে। তখন প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। হামলাকারীরা চলে যাওয়ার পরেও প্রতিবেশীরা আমাদের বাড়িতে ছিলো।’

তিনি আরো বলেন, ‘পুলিশ চলে যাওয়ার পর ফজরের আজানের আগে আবারো দুর্বৃত্তরা হাজির হয়। এ সময় পুলিশকে জানিয়েছি কেন, কাজটি ঠিক করিস নাই বলে গুলি ছোঁড়ে। গুলিতে চারজন আহত হয়। আর যাওয়ার সময় বলে যায় ৫ লাখ টাকা সাতদিনের মধ্যে না দিলে তোদের কপালে কষ্ট আছে বলে জানায় হামলাকারীরা।’

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলায় চারজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থী দলের সদস্যরা এ হামলা চালিয়েছেন। এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!