ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় তেল-গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১৫ এপ্রিল ২০২৪
বগুড়ায় তেল-গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন
বগুড়ায় তেল-গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন -ছবি: সংগৃহীত

বগুড়ার মোকামতলা এলাকায় অগ্নিকাণ্ডে একটি তেল ও গ্যাস সিলিন্ডারের গোডাউন পুড়ে গেছে। এ সময় ওই গোডাউনের সঙ্গে থাকা খামারের দুটি গরুও পুড়ে মারা যায়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মোকামতলার পাকুরতলা রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মেসার্স উত্তরা ট্রেডার্স নামে তেল ও গ্যাস সিলিন্ডারে গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, মেসার্স উত্তরা ট্রেডার্সের মালিক আব্দুর গফুর। ওই দোকানের পেছনে আব্দুল গফুরের তেল ও গ্যাসের গোডাউন, খামার ও বাসভবন রয়েছে।

Advertisement

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেলে তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। তেল ও গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে আগুনের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বগুড়া সদর, সোনাতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন থেকে টিম সহায়তার জন্য এগিয়ে আসে। মোট ছয়টি ইউনিটের সহায়তায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে দুটি গরু, তেলের লরি ও গোডাউন পুড়ে যায়।

আব্দুল গফুর জানান, গোডাউনে ৮০ থেকে ৯০ ব্যারেল তেল রাখা ছিল। আগুনে সব পুড়ে গেছে। এছাড়াও দুটি গরু মারা গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. খন্দকার আব্দুল জলিল বলেন, আমাদের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ বিষয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আগুন বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!