ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে ব্যাংকে ডাকাতি: কেএনএফের ৩ নারী সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ২২ এপ্রিল ২০২৪
বান্দরবানে ব্যাংকে ডাকাতি: কেএনএফের ৩ নারী সদস্য কারাগারে
বান্দরবানে ব্যাংকে ডাকাতির ঘটনায় কেএনএফের ৩ নারী সদস্য কারাগারে

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন সদস্য সন্দেহে গ্রেফতার তিন নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুর আড়াইটাই বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন, রুমা ইডেন পাড়া এলাকার লাল নুন পুই বম (১৮), লাল রুয়াত ফেল বম (২০) ও লাল এং কল বম (২৬)।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমা উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

রুমা-থানচির ঘটনায় গ্রেফতার ৭১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৫৯ জনকে দু-দিনের রিমান্ড ও ৩ নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশ জানায়, রোববার (২১ এপ্রিল) বিকেলে বান্দরবানের রুমা সদরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রুমা সোনালী ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র লুটের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে কেএনএফের ৩ নারী সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা, পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় ৫টি মামলা দায়ের করা হয় এবং পরে ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় আরো ৪টি মামলা দায়ের হওয়ায় পর যৌথ বাহিনীর অভিযানে ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরে আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!