ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় প্রতিবন্ধী হত্যায় রং মিস্ত্রির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ২৩ এপ্রিল ২০২৪
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যায় রং মিস্ত্রির মৃত্যুদণ্ড
কারাগারে নেয়া হচ্ছে আসামিকে। ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী নারীকে হত্যার দায়ে মুকবুল হোসেন নামে এক রং মিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুকবুল হোসেন চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের বাসিন্দা।

Advertisement

জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যায় গুলশান আরা নামে ঐ প্রতিবন্ধী নারী চা আনতে গিয়ে নিখোঁজ হন। পরে তার লাশ পাশের বাড়ির একটি ক্ষেতে মেলে। তদন্তে জানা যায়, মুকবুল হোসেনের সঙ্গে গুলশান আরার অবৈধ সম্পর্ক ছিল এবং গর্ভবতী হওয়ার পর বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখান করেন। পরবর্তীতে গুলশান আরাকে তার বাড়ির পাশের ক্ষেতে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

মামলার বাদী শরীফ জানান, তার মেয়ে গুলশান আরাসহ তার চার বোন ও এক ভাই জন্মলগ্ন থেকে প্রতিবন্ধী। এ রায়ে তিনি সন্তোষ প্রকাশ এবং আশা করেন উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নেয়ামত উল্যাহ চৌধুরী (জামান) জানান, তিনি আশা করছেন উচ্চ আদালত এ রায় দ্রুত কার্যকর করবেন। মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!