ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ২৯ এপ্রিল ২০২৪
ঝালকাঠিতে ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল
ছবি: সংগৃহীত

ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সোমবার দুপুরে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তদন্ত প্রতিবেদনে চালকদের লাইসেন্স ও ট্রাকের ফিটনেস না থাকা, ওভারটেকিং করা, সড়কে অবৈধ যান, সড়কের অবকাঠামোয় ত্রুটি, ট্রাকে ওভারলোড, অতিরিক্ত গতি এবং গতিরোধের জন্য নির্দেশনা না দেওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, দুর্ঘটনা রোধে তদন্ত কমিটি কারণসহ কিছু সুপারিশ তুলে ধরেছেন। তা সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।

Advertisement

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল দুপুরে ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক সামনে থাকা একটি মিনি ট্রাক, একটি প্রাইভেটকার এবং তিনটি ইজিবাইককে চাপা দিলে ১৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৭ জন।

পরবর্তীতে দুর্ঘটনার কারণ জানাতে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ হতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজকে প্রধান করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঝালকাঠি জোনের সহকারী পরিচালক (প্রকৌশল) মো. মাহবুবুর রহমান ও বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হককে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!