ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা শেষ, মেঘনায় মাছ ধরা শুরু 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ১ মে ২০২৪
নিষেধাজ্ঞা শেষ, মেঘনায় মাছ ধরা শুরু 
ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে বুধবার ভোর থেকে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেরা মাছ ধরা শুরু করেছে। মঙ্গলবার বিকেল থেকেই জেলেদের জাল ও নৌকা নিয়ে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিতে দেখা গেছে।

জানা যায়, সরকারের মৎস্য অধিদফতর পোনা ইলিশ রক্ষার জন্য চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার পর্যন্ত ইলিশের অভয়ারণ্য খ্যাত ১০০ কিলোমিটার এলাকায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছিল। এ সময় জেলেদের স্পেশাল ভিজিএফের মাধ্যমে ৮০ কেজি করে চাল দেওয়াসহ নানা সহযোগিতা দিয়েছিল।

লক্ষ্মীপুর জেলার চারটি উপজেলায় সরকারি তালিকাভুক্ত ৫৪ হাজার জেলেসহ প্রায় ৯০ হাজার মেঘনার জেলে এ নিষেধাজ্ঞার কবলে পড়ে গত দুই মাস বেকার জীবনযাপন করে আসছিলেন। মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেদের কষ্টের দিনের অবসান হয়েছে।

Advertisement

মজু চৌধুরীর হাট মেঘনা ঘাটের জেলে নুর নবী জানান, নিষেধাজ্ঞার কারণে তিনিসহ জেলেরা বেকার জীবনযাপন করার কারণে পরিবার পরিজন নিয়ে গত দুই মাস অনেক কষ্টে কেটেছে। এখন আর তাদের কষ্ট করতে হবে না।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় তালিকাভুক্ত জেলের সংখ্যা ৫২ হাজার ৩৫১ জন। এরমধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৪৪৬ জন, রায়পুর উপজেলায় ৭ হাজার ৯৯৮ জন, কমলনগর উপজেলায় ১২ হাজার ৯৩৮ জন এবং রামগতি উপজেলায় ২৩ হাজার ৯৬৯ জন তালিকাভুক্ত জেলে রয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে। লক্ষ্মীপুরে চলতি অর্থ বছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯১ হাজার মেট্রিক টন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!