ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলারের ধাক্কায় জেলে নিখোঁজ, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫২, ৫ মে ২০২৪
ট্রলারের ধাক্কায় জেলে নিখোঁজ, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
ছবিতে জেলে মনির হোসেন

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর-বিষখালী ভাড়ানি খালে নোঙর করা একটি ট্রলারে আরেকটি ট্রলারের ধাক্কায় মনির হোসেন (৩০) নামে এক জেলে নিখোঁজের ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, সকাল ১০টার দিকে পাথরঘাটা নতুন বাজার লঞ্চ টার্মিনাল সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।

নিহত জেলে মনির হোসেন নোয়াখালীর হাফেজ উদ্দিনের ছেলে। তিনি পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা গোলাম কবিরের মালিকানা এফবি সাফওয়ান ট্রলারের জেলে ছিলেন।

Advertisement

নিহত মনিরের চাচাশ্বশুর ইসমাইল হোসেন বলেন, পাথরঘাটা লঞ্চঘাটে আমাদের নোঙর করা ট্রলারে আরেক ট্রলার ধাক্কা দেয়। এ সময় আমাদের ট্রলারের সুকান ছুটে গিয়ে মনিরের গায়ে পড়ে। এতে মনির ছিটকে খালে পড়ে তলিয়ে যায়।   

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলে খালে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলেরা উদ্ধার কাজ শুরু করে। খালের একাধিক পয়েন্টে জাল ফেলে আটকে দেওয়া হয় যেন দেহটি ভেসে যেতে না পারে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের সহযোগিতায় মরদেহ পাওয়া যায়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, তাৎক্ষণিক উপজেলা প্রশাসনসহ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু হয়। ৫ ঘণ্টা পর লাশ পাওয়া যায়।

পাথরঘাটা থানার ওসি আল মামুন বলেন, মনিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!