ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ৯ মে ২০২৪
সিরাজগঞ্জে মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ে থানায় দায়ের করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই রায় দেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ি পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লার জামাল হোসেনের ছেলে রমজান আলী (২৭) ও একই মহল্লার ইউনুস আলীর ছেলে বানী ইসরাইল (৩২)।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২১ মে র‍্যাব-১২ এর সদস্যরা সলঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় র‍্যাবের কাছে খবর আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে দুজন ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এ সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। দুপুরে একতা পরিবহনের বাসটি রোড গোলচত্বর এলাকায় পৌঁছালে র‍্যাব সদস্যরা বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের দুই যাত্রী রমজান আলী ও বানী ইসরায়েলের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক বাসের দুই যাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!