ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রান্না করা হরিণের মাংস ফেলে পালালেন শিকারিরা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫২, ২১ মে ২০২৪
রান্না করা হরিণের মাংস ফেলে পালালেন শিকারিরা
ছবি: সংগৃহীত

সুন্দরবনের গহিন থেকে রান্না করা ৯ কেজি হরিণের মাংসসহ তিনটি নৌকা জব্দ করেছেন বন বিভাগের কর্মীরা। তবে বন বিভাগের অভিযান টের পেয়ে পালিয়ে যান হরিণ শিকারিরা।

সোমবার (২০ মে) ভোরে বন বিভাগের অভিযানে সুন্দরবনের গোনসা খাল থেকে রান্না করা হরিণের মাংসসহ নৌকাগুলো জব্দ করা হয়। খুলনা রেঞ্জের অধীন পাটকোস্টা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় এ অভিযানে নেতৃত্ব দেন।

পাটকোস্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, গোনসা খাল এলাকায় তিনটি নৌকা পাশাপাশি দেখে টহল দল নিয়ে এগিয়ে যাই। আমরা আবছা আবছা দেখতে পাচ্ছিলাম কয়েকজন নৌকার মাথার দিকে ভাত খেতে বসছে। এসময় আমাদের দেখে অন্তত ছয় ব্যক্তি ভাতের প্লেট রেখেই নৌকা থেকে লাফিয়ে গহীন বনের ভেতরে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করতে পারিনি। তবে নৌকা তল্লাশি করে কাঁকড়া ধরার সরঞ্জাম ও চারটি হাঁড়িতে রান্না করা হরিণের মাংস ও প্লেটে মাখানো ভাত পাওয়া যায়।

Advertisement

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। জব্দ করা হরিণের মাংস কয়রা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত রয়েছে, সে ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!