মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের স্মার্ট অ্যাপের তথ্য বলছে, ফটিকছড়িতে সকাল ১০টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় ১১০টি কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ছিল ছয় শতাংশ। বেলা ১২টা পর্যন্ত ১৪২টি কেন্দ্রের বিপরীতে ৯৫টি কেন্দ্রে ভোটের হার ছিল ১৪ শতাংশ।
.png)
হাটহাজারীতে সকাল ১০টা পর্যন্ত ৪৭টি কেন্দ্রে ভোটের হার ছিল আট শতাংশ। বেলা ১২টা পর্যন্ত ১০৬টি কেন্দ্রের বিপরীতে ৪০টি কেন্দ্রে ভোটের হার ছিল ১৮ শতাংশ।
তিন উপজেলার মধ্যে হাটহাজারী ও ফটিকছড়িতে সবকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে। এ উপজেলায় বেলা ১২টা পর্যন্ত ৯৫টি কেন্দ্রের বিপরীতে ৩১টি কেন্দ্রে ভোটের হার ছিল নয় শতাংশ।
সকাল থেকে ফটিকছড়ি ও হাটহাজারীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত খুবই কম। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোট দিচ্ছেন ভোটাররা।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচনে দুই হাজার ৯৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে আনসার দুই হাজার ৩৬ জন, ব্যাটালিয়ন আনসার ১০ জন ও পুলিশ সদস্য ৭৬৯ জন রয়েছেন। এছাড়াও দায়িত্ব পালন করছে র্যাব ও বিজিবি। পাশাপাশি ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাটহাজারীর সবগুলো কেন্দ্রের জন্য এক হাজার ৭২৯ জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুরো উপজেলায় দায়িত্বে রয়েছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিন উপজেলায় মোট ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
তিন উপজেলায় মোট ভোটার ১১ লাখ ২০ হাজার ৭৩৪ জন। এরমধ্যে হাটহাজারীতে রয়েছেন তিন লাখ ৫৭ হাজার ৪৪৮ জন। এতে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৬৪৩ জন ও নারী এক লাখ ৭০ হাজার ৮০৫ জন। ফটিকছড়িতে ভোটার সংখ্যা চার লাখ ৬৪ হাজার ৬০৭ জন। যার মধ্যে পুরুষ দুই লাখ ৪৫ হাজার ৯৩৮ জন ও নারী দুই লাখ ১৮ হাজার ৬৬৭ জন। রাঙ্গুনিয়ায় মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৬৭৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৮ হাজার ১২২ জন ও নারী এক লাখ ৪০ হাজার ৫৫৭ জন।
তিন উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি। এরমধ্যে হাটহাজারীতে ১০৬টি, ফটিছড়িতে ১৪২টি ও রাঙ্গুনিয়ায় ৯৫টি। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন নয় হাজার ৬৭৪ জন কর্মকর্তা।