তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যারনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কেএনএফের সদস্যরা। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কেএনএফের দুই সদস্য নিহত হয়।
.png)
বান্দরবান পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, শ্যারণপাড়া এলাকায় যৌথ বাহিনীর চলমান অভিযানে দুই কেএনএফ সদস্য নিহতের খবর শুনেছি। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।
এর আগে, যৌথ বাহিনীর অভিযানে ১৯ মে রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী ডেবাছড়া এলাকায় তিনজন, ৭ মে রুমা উপজেলার দুর্গম দার্জিলিংপাড়ায় একজন, ২৮ এপ্রিল রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নে ২ জন, ২২ এপ্রিল রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়ায় একজন কেএনএফ সশস্ত্র সদস্য মারা যায়। ঘটনাস্থল থেকে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত ২ ও ৩ মে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে। এরমধ্যে থানচিতে ৪টি ও রুমায় ৫টি মামলায় ৮৬ জনকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।