ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই স্ত্রীসহ আদম তমিজীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২৩ মে ২০২৪
দুই স্ত্রীসহ আদম তমিজীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদম তমিজী হক।

হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের বিরুদ্ধে চেক ডিসঅনারের দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়াও তার দুই স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক মো. মাহমুদুল মোহসীন এ গ্রেফতদারি পরোয়ানা জারি করেন।

অন্য আসামিরা হলেন- আদম তমিজী হকের স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক নুসরাত আক্তার হক, তার আরেক স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক লিজা আক্তার হক, হক ফুডের জিএম (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস) মো. রেজাউল করিম ও সিনিয়র জিএম (বিডি এন্ড লজিস্টিকস) মুশফাকুর রহমান।

Advertisement

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান জানান, ঢাকার মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কে বি সি এগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেড এবং হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে ব্যবসা করতো। ব্যবসায়িক লেনদেনে হক ফুড লিমিটেডের ১৯ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা বকেয়া হয়। আসামিরা এই বকেয়া টাকা পরিশোধের জন্য কে.বি.সি কোম্পানিকে দুটি চেক দেয়। কিন্তু চেক দুটি ‘অ্যাডভাইস নট রিসিভ্ড’ মন্তব্যে ব্যাংক কর্তৃক ডিসঅনার হয়।

পরে কে বি সি কোম্পানির পক্ষে ইমরান হোসেন (ম্যানেজার রিকোভারী) বাদী হয়ে ২০২৩ সালের ৭ ডিসেম্বর হক ফুডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকসহ পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতে মামলা করেন।

বিচারক মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমনের আদেশ দেন। বৃহস্পতিবার ছিল মামলার ধার্য দিন। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন এবং আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!