শনিবার এ তথ্য জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।
তিনি বলেন, এর আগে সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে তিন নম্বর সংকেত দেখাতে বলার পর ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। বন্দরের স্টান্ডিং কমিটির মিটিং ও অন্যান্য বিষয়ে বিভিন্ন কমিটিকে অ্যালার্ট করা হচ্ছে। সব ধরনের লাইটার জাহাজকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে। পাঁচ নম্বর সংকেত দেখাতে বললে জেটিতে থাকা জাহাজ বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হবে।
.png)
জানা গেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। শনিবার সন্ধ্যার পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘রেমাল’।
ঘূর্ণিঝড়টি রোববার (২৬ মে) সন্ধ্যার পর বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ সময় উপকূলীয় এলাকায় সাত থেকে থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।
এর প্রভাবে শনিবার দুপুরের পর থেকে চট্টগ্রামের আকাশে ঘন মেঘমালা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সাগরও উত্তাল রয়েছে।
এদিকে, শনিবার দুপুরে ঢাকার আবহাওয়া অধিফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান জানান- ঘূর্ণিঝড় রেমাল ‘সিভিয়ার সাইক্লোনে’ পরিণত হতে পারে। ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে এটি অতি প্রবল আকার ধারণ করে আঘাত হানতে পারে দেশের উপকূলীয় অঞ্চলে।
তিনি জানান, সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো অগ্রসর ও ঘনীভূত হচ্ছে। আজ রাত ৯টায় আরো শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরের দিন রোববার সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এর আগে দুপুরে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূল অঞ্চলে চলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।