রাত পোহালেই কিশোরগঞ্জের ৪ উপজেলায় ভোট
কিশোরগঞ্জের ৪ উপজেলায় রাত পোহালেই অনুষ্ঠিত হবে ৩য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এরইমধ্যে শেষ হয়েছে নির্বাচনের প্রচার প্রচারণা। এবার ভোট যুদ্ধের পালা।
আগামীকাল বুধবার ২৯ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ৩য় ধাপে কিশোরগঞ্জের ৪টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
উপজেলা ৪টি হলো- করিমগঞ্জ, তাড়াইল, ইটনা ও মিঠামইন। নির্বাচনকে ঘিরে সবকিছু ছাপিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে উপজেলাগুলোতে। প্রতিটি ইউনিয়নের হাট-বাজার রাস্তাঘাট পোস্টারে ছেয়ে গেছে। মঙ্গলবার দুপুর থেকেই নির্বাচনের কেন্দ্রে উপকরণ ও মালামাল প্রেরণ করছে নির্বাচন কমিশন। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে জোরালো পদক্ষেপ। ফলে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করছেন তারা।
.png)
উল্লেখ্য, করিমগঞ্জে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ১৫১ জন। মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। হিজরা ভোটার একজন। মোট ভোটকেন্দ্র ৯৯টি।
তাড়াইল উপজেলার মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৯৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৯৬৩ জন। মহিলা ভোটার ৭১ হাজার ১২ জন। হিজরা ভোটার রয়েছে দুইজন। মোট ভোটকেন্দ্র ৫৬টি।
ইটনা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ২২৪ জন। মহিলা ভোটার ৭১ হাজার ২৭৭ জন। মোট ভোটকেন্দ্র ৫৭টি।
মিঠামইন উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৩৭১ জন। মহিলা ভোটার ৫১ হাজার ১৮৫ জন। মোট ভোটকেন্দ্র ৪২টি।