নান্দাইলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত যুবক খুন
ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনী সহিংসতায় মোরাদ হাসান ভূইয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮ টার দিকে নান্দাইল সদর চার নেতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক নান্দাইল পৌর সদরের কাকচর মহল্লার তফাজ্জল হোসেন ভূইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোরাদ হাসান ভূইয়া সহপাঠীদের নিয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক ভূইয়ার নির্বাচনী পোস্টার ও লিফলেট বিতরণ করতে পৌর সদরের নতুন বাজার এলাকায় যায়। এসময় প্রতিপক্ষের কিছু যুবক তাদের কাজে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোরাদ হাসান ভূইয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
এসময় তার সঙ্গে থাকা অন্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
আগামী ৫ জুন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই ঘটনার সঙ্গে কে বা কাহারা জড়িত, এ বিষয়ে কেউ মুখ খুলতে চায়নি।
নান্দাইল মডেল থানার ওসি আ. মজিদ জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এ নিয়ে তদন্ত চলছে।