ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা, যুবকের ৬ মাসের কারাদণ্ড 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ৫ জুন ২০২৪
জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা, যুবকের ৬ মাসের কারাদণ্ড 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ১২৬ টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, কিছু কিছু এলাকায় ভোটার উপস্থিতি খুবই কম। তবে প্রার্থীদের এলাকায় তাদের নিজস্ব প্রচেষ্টায় ভোটার উপস্থিতি কিছুটা বেশি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কিছু কেন্দ্রে বিচ্ছিন্নভাবে জাল ভোট দেওয়ার কথাও শোনা যাচ্ছে। 

উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ায় একই ইউপির বাহাদুরনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ। জাল ভোট দিতে সহযোগিতা করায় কানুরামপুর গ্রামের আব্দুল মন্নাছের ছেলে মমিন মিয়া একই কেন্দ্রের একটি কক্ষে পুলিশ হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

Advertisement

সহকারী রিটার্নিং কর্মকর্তা নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি নিরপেক্ষ সুষ্ঠু ভোটের জন্য সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!