ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ছিনতাইকারীদের ছুরিকাঘাত

সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হলেন হোটেল কর্মচারী 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ১০ জুন ২০২৪
সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে লাশ হলেন হোটেল কর্মচারী 
নুরুল কাদের। ফাইল ফটো

কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নুরুল কাদের নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন৷ 

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেইলি হ্যাচারি সংলগ্ন ভাঙা সৈকতের মুখে এ ঘটনা ঘটে। নিহত নুরুল কাদের চকরিয়া বরইতলী বৈদ্যের পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুল কাদের কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে কর্মরত ছিলেন। সমুদ্র সৈকতে ঘোরাঘুরি শেষে কর্মস্থলে যাওয়ার পথে ৪-৫ জন ছিনতাইকারী মোবাইল ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারের শব্দে পথচারীরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নুরুল কাদেরের সহকর্মীরা বলেন, তার সঙ্গে একজন মেয়ে ছিল। তারা মূলত সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মেয়েটিও গুরুতর আহত হন। তার ফোন পেয়ে আমরা ছুটে আসি। গিয়ে দেখতে পাই কাদের গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন৷ 

কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। বিষয়টি আইনী প্রক্রিয়াধীন রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!