ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৭ বছরেই ‘বুড়িয়ে যাওয়া’ সেই নিতু মারা গেছেন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ১৪ জুন ২০২৪
১৭ বছরেই ‘বুড়িয়ে যাওয়া’ সেই নিতু মারা গেছেন
১৭ বছরের নিতু

হবিগঞ্জে বিরল রোগ ‘প্রজেরিয়ায়’ আক্রান্ত হয়ে ১৭ বছরেই ‘বুড়িয়ে যাওয়া’ নিতু মারা গেছেন। এতো কম বয়সে মারা গেলেও তাকে দেখলে মনে হতো ৬০ বয়সের নারী।

বৃহস্পতিবার (১৩ জুন) জেলা শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। রাতে বাড়ির পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুর আগে তার মুখ ও শরীরের চামড়া কুঁচকানো এবং মাথার সব চুল পড়ে গিয়েছিল।

শিশুটির বাবা কামরুল ইসলাম জানান, ২০০৭ সালে নিতুর জন্ম হয়। ছয় ভাই-বোনের মধ্যে সে ছিল চতুর্থ। তিন মাস বয়স থেকেই তার শরীরের চামড়া শক্ত হয়ে যেতে শুরু করে। তখন স্থানীয় চিকিৎসকদের দেখানো হয়। তারা নানা ওষুধও দিয়েছিলেন, কিন্তু রোগটি ঠিকভাবে কেউ ধরতে পারেননি। পরে পাঁচ বছর বয়সের সময় ঢাকার চিকিৎসকরা জানান, নিতু বিরল প্রজেরিয়া রোগে আক্রান্ত। এ ধরনের রোগীদের বেঁচে থাকার গড় বয়স ১৩ বছর। এরপর হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মৃত্যু হয়।

Advertisement

চিকিৎসকরা জানান, বিরল হলেও বাংলাদেশে এ ধরনের রোগে আক্রান্ত বেশ কয়েকজন রোগী পাওয়া গেছে।

প্রজেরিয়া এক ধরনের জিনেটিক ডিজঅর্ডার, যা বেশ বিরল। চিকিৎসকদের হিসেবে, প্রতি ৪০ লাখে একজনের মধ্যে এ ধরনের রোগ দেখা যায়। তবে এ পর্যন্ত বিশ্বে বড়জোর ১০০ প্রজেরিয়া আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে।

প্রজেরিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ প্রজেরাস থেকে, যার অর্থ অপ্রাপ্তবয়স্ক বৃদ্ধ। ১৮৮৬ সালে ড. জোনাথন হাচিনসন আর ১৮৯৭ সালে ড. হেস্টিংস গিলফোর্ড রোগটি সম্পর্কে আলোকপাত করেন বলে এর আরেক নাম হাচিনসন-গিলফোর্ড প্রজেরিয়া সিনড্রোম।

এক ধরনের বিক্রিয়ার কারণে দেহের কোষ দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং বয়োবৃদ্ধির প্রক্রিয়াটি দ্রুত হয়ে যায়। তবে জিনেটিক রোগ হলেও, এটি বংশানুক্রমিক বা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো রোগ নয়।

প্রজেরিয়া রোগটি নিয়ে ব্রাড পিট অভিনীত ‘দি কিউরিয়াস কেস অফ বেনজামিন বাটন’ আর ভারতে অমিতাভ বচ্চন অভিনীত ‘পা’ চলচ্চিত্র তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!