ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইএফআইসি ব্যাংকে ২৯ লাখ টাকা চুরি, অবশেষে মুখ খুললো কর্তৃপক্ষ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১৫ জুন ২০২৪
আইএফআইসি ব্যাংকে ২৯ লাখ টাকা চুরি, অবশেষে মুখ খুললো কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমানমোড় এলাকায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার ভল্ট থেকে ২৯ লাখ টাকা চুরির ঘটনায় অবশেষে মুখ খুলেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৪ জুন) ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিজেদের বক্তব্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জুন রাতে ব্যাংকের ভল্ট থেকে ২৯ লাখ টাকা চুরি ঘটনাটি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করে দেখছেন যাতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যায়। আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের প্রতি দ্রুত এবং সর্বাত্মক সাহায্যে এগিয়ে এসেছেন।

বিষয়টিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে অভিহিত করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইএফআইসি ব্যাংক তার গ্রাহকদের নিশ্চিত করতে চায় যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের অধিকার এবং স্বার্থের উপর কোনো প্রভাব ফেলবে না এবং তাদের আমানত আইএফআইসির কাছে শতভাগ সুরক্ষিত এবং নিরাপদ। শহরতলীর মাটিডালি বিমান মোড় উপশাখার স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম আবার আগের মতই স্বাভাবিক হবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাটিডালি বিমান মোড় উপশাখার নিরাপত্তা আইএফআইসি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা নীতির অন্তর্গত। তবে, আমরা তদন্ত করছি যে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি অথবা কর্তব্যের অবহেলা জন্য এ ঘটনা ঘটেছে কি-না। আইএফআইসি ব্যাংক সর্বদা তার গ্রাহকদের স্বার্থ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ ঘটনায় আইএফআইসি ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার নজরুল ইসলাম বাদী হয়ে ১৪ জুন রাতে অজ্ঞাতনামা আসামি করে বগুড়া সদর থানায় একটি চুরির মামলা করেন।

চুরির ঘটনার কারণে ওই দিন (বৃহস্পতিবার) ঈদের আগে ব্যাংক গ্রাহকরা কোনো টাকা উত্তোলন বা জমা দিতে পারেননি। সারা দিন ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। ফলে ওখানকার গ্রাহকরাও চরম দুর্ভোগে পড়েছেন।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহীনুজ্জামান শনিবার জানান, আইএফআইসি ব্যাংকে উপশাখা থেকে ২৯ লাখ টাকা চুরি ঘটনা খব গুরুত্ব সহকারে পুলিশ তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে শনাক্ত ও গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!