ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ কাল

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১৫ জুন ২০২৪
চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ কাল
ফাইল ফটো

সৌদি আরবসহ আরব দেশ সমূহের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০টি গ্রামে এবারো আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

রোববার (১৬ জুন) সকাল থেকে নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করবে এসব গ্রামের মানুষ।

আগাম ঈদ পালনকারী লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের এই পথা চালু হয়। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) প্রথমে তার নিজ গ্রামে এবং পরে তার অনুসারীরা এমন নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন হয়ে আসছে।

Advertisement

আগাম ঈদ পালনকারী গ্রামগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম।

সাদ্রা দরবার শরীফ মাঠের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী জানান, দরবার শরীফ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে তিনিই ইমামতি করবেন। এছাড়া সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে জামাত হবে সকাল সাড়ে ৯টায়।

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ ও ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা এসব গ্রামে একদিন আগে হয়ে আসছে। পুলিশের পক্ষ থেকে ঈদের জামাতসহ সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঈদ চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!