চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
চট্টগ্রাম নগরের দামপাড়ার জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে প্রথম ও প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত হবে সোয়া ৮টায়।
চসিকের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৭টায় আরো নয়টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)। এছাড়াও নগরের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ঈদ জামাত।
শনিবার (১৫ জুন) জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। এবার সকাল ৭টা ৩০ মিনিটে ও ৮টা ১৫ মিনিটে দুটি জামাতে নামাজের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান, আর সামিয়ানা থাকবে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
.png)
তিনি বলেন, স্বাভাবিক বৃষ্টিতে নামাজ বিঘ্নিত না হওয়ার জন্য মসজিদের আশপাশের নালাগুলো পরিষ্কার করা হয়েছে। তবে অস্বাভাবিক বৃষ্টিতে পানি উঠলে মসজিদের ভেতরে জামাত হবে। এছাড়া মুরাদপুরের মুহাম্মদপুরে ঈদের নামাজ পড়তে পারবে এমন একটি ঈদগাহ নির্মাণ করেছি৷
কোরবানির বর্জ্য পরিষ্কারে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, সাত ঘণ্টার মধ্যে নগরকে কোরবানির বর্জ্যমুক্ত করার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। পশুর নাড়ি-ভুঁড়ি নেয়ার জন্য পলিথিন সরবরাহ করা হবে। এছাড়া চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আমরা সভা করেছি। আশাকরি এবার চামড়া নষ্ট হয়ে পরিবেশ বিনষ্ট হবে না।