ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১২

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ২১ জুন ২০২৪
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১২
ফাইল ফটো

রংপুরের পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) মধ্যরাতে পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট সংলগ্ন মাদারহাট এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের পরিদর্শক সোলাইমান শেখ।

বড়দরগা হাইওয়ে পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহন ও বেস্টঅন পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাস পীরগঞ্জের মাদারহাটে পৌঁছালে হানিফ পরিবহন বাসটি ওভারটেকিং করার সময় পেছন থেকে বেস্টঅন পরিবহনকে ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া (২৫) নামে আরো একজন মারা যান। নিহত মিন্টু মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, পীরগঞ্জের একই এলাকায় নারায়ণগঞ্জ থেকে রংপুরের দিকে আসা একটি পিকআপভ্যানকে চাপা দেয় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস। এতে পিকআপভ্যানে থাকা আশরাফুল ইসলাম (৩০) গুরুতর আহত হন। পরে তাকে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশরাফুল ইসলাম রংপুরের পীরগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে। ঢাকার নারায়নগঞ্জ থেকে বাসার আসবাবপত্র নিয়ে রংপুরে ফিরছিলেন। দুর্ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী আহত হয়েছেন।

বড়দরগা হাইওয়ে পুলিশের পরিদর্শক সোলাইমান শেখ জানান, পীরগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!