যে কারণে শিশুর জিব-ঠোঁট কেটে ফেলল প্রতিবেশী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জায়গা নিয়ে বিরোধের জেরে সাইম নামে ১০ বছরের এক শিশুর জিব কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশু সাইম রসুলপুর এলাকার মালেক মিয়ার ছেলে।
জানা যায়, নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে পাশের বাড়ির কাউসার মিয়ার সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল মালেক মিয়ার পরিবারের। শুক্রবার সকালে কাউসার মিয়া বিরোধপূর্ণ জায়গার সীমানা খুঁটি তুলে আরেক জায়গায় বসিয়ে দেন। ঘটনাটি দেখে ফেলে মালেক মিয়ার ছেলে সাইম। সে তার বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদের কাছে বলে দেয়।
বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন কাউসার মিয়া। এবং শিশু সাইমকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সাইম বাড়ি থেকে বের হলে তার ওপর দা-লাঠি নিয়ে হামলা করেন কাউসার মিয়া ও তার লোকজনরা। পরে সাইমকে মারধর করে তার জিহ্বায় ছুরি ঢুকিয়ে দেন। এ সময় তার ঠোঁটও কেটে ফেলার চেষ্টা করা হয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার জিহ্বায় আটটি সেলাই দেওয়া হয়।
.png)
নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, শিশুটি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।