সোমবার দুপুরে ফেসবুকে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রেলওয়ে নিরাপত্তায় থাকা দুই সদস্য মাদক সেবনে বিভোর। অপর আরেক ব্যক্তি সেই ভিডিও মুঠোফোনে ধারণ করছেন। ভিডিওতে দুইজনের চেহারা বোঝা গেলেও ভিডিও ধারণকারী ব্যক্তির চেহারা বোঝা যায়নি।
.png)
অভিযুক্তরা হলেন- রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)’র সিপাহী সাদ্দাম হোসেন ও শাহিনুর রহমান। তারা উভয়েই রাজশাহী রেলওয়ের আরএনবি শাখার নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়, সাদ্দাম ও শাহিনুর নিয়মিতই মাদক সেবন করেন। স্থানীয় মাদকসেবীদের সঙ্গে সখ্য গড়ে তুলে রেলওয়ের পরিত্যক্ত ভবন, ফাঁকা রুমে প্রায়শই মাদকের আসর বসান তারা।
যাত্রীদের অভিযোগ, রেলওয়ে ভ্রমণে এসে রাজশাহী স্টেশনেও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন যাত্রীরা। রাতে প্রকাশ্যে চলে মাদক সেবনের আড্ডা। সেখানে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাদক সেবন করেন। এ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরাও জনপ্রতিনিধি সংশ্লিষ্টদের মৌখিক অভিযোগও দিয়েছেন।
পশ্চিমাঞ্চল রেলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযুক্তদের বরখাস্ত করা হয়েছে। তদন্তও করে আইন অনুযায়ী ব্যবস্থাও নেয়া হবে।