ভেজাল জুস তৈরি, জরিমানাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভেজাল জুস তৈরির দায়ে নিউ আল মদিনা ফুড অ্যান্ড বেভারেজকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভেজাল জুস তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার পাটুয়াভাঙা জাফর আলী বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে এ জরিমানা ও সরঞ্জাম ধ্বংস করে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিপি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযান পরিচালনার তথ্যটি নিশ্চিত করা হয়।
.png)
জরিমানা হওয়া কারখানা মালিকের নাম মো. মোহসিন মিয়া। তিনি পাটুয়াভাঙা জাফর আলী বাজার এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
র্যাব জানায়, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের জাফর আলী বাজার এলাকার ওই কারখানাটিতে ভেজাল জুস তৈরির বিষয়টি জানতে পারে র্যাব। প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে কারখানাটি নজরদারিতে রাখে র্যাব। এর পরিপ্রেক্ষিতে সত্যতা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এর সহায়তায় সেখানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অনুমোদন ব্যতীত ভেজাল জুস তৈরি, পণ্যে যথাযথ মোড়ক ব্যবহার না করা ও বৈধ কোনো কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ার অপরাধে কারখানার মালিক মো. মোহসিন মিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩ হজার ৬০০ বোতল ভেজাল জুস, নকল বোতলের লেবেল ১৫ হাজার পিস, হাই স্পিড আইসক্রিম ২ হাজার ৪০০পিস, হাই স্পিড বোতলের লেবেল ২ কেজি ও হাই স্পিড লেবেল প্যাকেট ২ হাজার পিস ধ্বংস করা হয়।