ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তিপণের টাকা নিয়ে অপহরণকারীর ঠিকানায় দৌড়ঝাঁপ, লাশ মিলল বাড়ির পাশে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১০ জুলাই ২০২৪
মুক্তিপণের টাকা নিয়ে অপহরণকারীর ঠিকানায় দৌড়ঝাঁপ, লাশ মিলল বাড়ির পাশে
নিহত সানজিদুল হক তামিম। ছবি: সংগৃহীত

গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের তিনদিন পর মাদরাসাছাত্র এক শিশুর অর্ধগলিত লাশ বাড়ির পাশের কলাবাগানের ঝোপ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে মহানগরীর কোনবাড়ি থানাধীন আমবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম- সানজিদুল হক তামিম (৬)। সে ময়মনসিংহের ফুলপুর থানার মাটিচাপুর গ্রামের নাজমুল হকের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

Advertisement

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, গাজীপুরের আমবাগ এলাকায় জনৈক রফিকুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করে ঝুটের ব্যবসা করেন নাজমুল হক। তার ছেলে সানজিদুল হক তামিম (৬) স্থানীয় একটি মাদরাসার ছাত্র। গত রোববার (৭ জুলাই) বিকেল বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। শিশুটি নিখোঁজের একদিন পর অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি ফোন করে তামিমকে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে তার পরিবারের কাছে। পরে অপহরণকারীর দেওয়া তথ্যমতে, স্বজনরা টাকা নিয়ে ময়মনসিংহের বিভিন্ন স্থানে যান। কিন্তু অপহরণকারীর মোবাইল বন্ধ পেয়ে ফিরে আসেন শিশুটির স্বজনরা।

কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, বুধবার দুপুরে আমবাগ এলাকার ভাড়া বাড়ির পাশে একটি কলাবাগানের ঝোপে তামিমের অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিশুর লাশটিতে পচন ধরে ফুলে ফেঁপে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ করে শিশুটিকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে হত্যাকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!