ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ১১ জুলাই ২০২৪
ভোলায় সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
ভোলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪। বৃহস্পতিবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ  হয়। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ ভোলা যৌথভাবে এই মেলার আয়োজন করে।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জহিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান।

Advertisement

এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের রক্ষা করে। সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। তাই এই উষ্ণতা কমাতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। নিরৎসাহিত করতে হবে বৃক্ষ নিধনকে।

এ সময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। গাছ প্রাকৃতিক দুর্যোগকে প্রশমিত করে আমাদের জীবনকে সজীব-সুন্দর করে। গাছ থেকে আমরা অমূল্য অক্সিজেন গ্রহণ করি। খাদ্য ও সম্পদের ভান্ডার গাছ। তাই  সবাইকে বেশি করে গাছ লাগাতে আহবান জানান। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় প্রায় ৭০ প্রজাতির বৃক্ষসহ মোট ২২টি স্টল অংশগ্রহণ করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!