ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকাশের আড়াই লাখ টাকা ছিনতাই, মূল হোতাসহ গ্রেফতার ৬

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ১১ জুলাই ২০২৪
বিকাশের আড়াই লাখ টাকা ছিনতাই, মূল হোতাসহ গ্রেফতার ৬
বিকাশের আড়াই লাখ টাকা ছিনতাই, মূল হোতাসহ গ্রেফতার ৬। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর রামপুরে মাথায় আঘাত করে ফাজি কর্পোরেশনের অধীন বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসারের কাছ থেকে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বুধবার (১০ জুলাই) সকালে পশ্চিম রামপুর মেহেদী-সাঈদী বিদ্যানিকেতন সড়ক এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী বাগেরহাট জেলার মোড়লগঞ্জের কাকড়াতলী গ্রামের আল মামুনের ছেলে মো.সাব্বির হোসেন, একই উপজেলা জীনগাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে আবদুর রাজ্জাক, ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মো. বাবুর ছেলে ফয়েজ উল্লাহ রাজিম, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ইব্রাহিম খলিলের ছেলে মো. ইসলমাইল হোসেন মাছুম, দাগনভূঞার জায়লষ্কর ইউনিয়নের নুরুল আবছারের ছেলে মো. রেদোয়ান হোসেন হৃদয় ও বালিগাঁও ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক আরমান। 

অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, ফাজি কর্পোরেশনের অধীন বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসার আবদুল আজিজ কর্মস্থল থেকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের লুদ্দারপাড় হয়ে বালিগাঁও যাওয়ার পথে পশ্চিম রামপুর কন্ট্রাক্টর বাড়ির সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া সিএনজি অটোরিকশায় মুখোশধারী দল মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ২ লাখ ৬০ হাজার টাকাসহ ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। 

অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন আরো বলেন, গত কয়েকমাস থেকে মো.সাব্বিরের পরিকল্পনায় বিকাশ কর্মী আবদুল আজিজকে অনুসরণ করে ছিনতাইকারী দল। পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন সকাল ৯ টার দিকে সিলোনীয়া থেকে একটি পূর্ব পরিচিত সিএনজি চালক ফয়েজ উল্ল্যাহ রাজিমের সঙ্গে পরামর্শ করে অপর আসামি মাসুম, আরমান, ও জাকিরকে সঙ্গে নিয়ে একটি নম্বরবিহীন সিএনজি নিয়ে ঘটনাস্থলে অপেক্ষা করতে থাকে। সকাল ১০টার দিকে আবদুল আজিজ তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসলে আসামিরা মুখোশ পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গতিরোধ করে। মাসুম আবদুল আজিজকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে তার সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে সিএনজি যোগে পালিয়ে যায়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ঘটনা অবগত হওয়ার পর ডিবির একটি দল তদন্ত শুরু করে। অপরাধীদের আটক ও ছিনতাইয়ের টাকা উদ্ধারে অভিযান শেষে ৬ জনকে গ্রেফতার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার আবদুল আজিজ বলেন, ওই এলাকায় পৌঁছালে হঠাৎ মুখোশ পরা দুইজন যুবক রাস্তায় দাঁড়িয়ে আমার পথরোধ করে। তাদের দলে মোট ৪ জন ছিল। হঠাৎ এ ঘটনায় ভড়কে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যাই। এ সময় তারা আমাকে মারধর করে এবং আমার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে চলে যায়। ব্যাগে আড়াই লাখ টাকা ছিল। পরে এই ঘটনা পুলিশকে জানাই। রাত ৯টায় ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!