ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪০, ১২ জুলাই ২০২৪
চট্টগ্রামে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৪
ছবিতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালখালী-পটিয়া সড়কের মিলিটারি পুল সংলগ্ন মোস্তফা সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নাইখাইন গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রুমি আক্তার (৩০), গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার (৩২) ও তার ছেলে ফাহিম (৫) এবং বোয়ালখালীর আহলা ইউনিয়নের শেখ পাড়া গ্রামের বাসিন্দা সোনা মিয়ার ছেলে অটোরিকশাচালক মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৫)।

Advertisement

জানা গেছে, অটোরিকশাটি যাত্রী নিয়ে পটিয়ার বাদামতল থেকে বোয়ালখালীর দিকে যাচ্ছিল। মিলিটারি পুলে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে নিলে চিকিৎসকরা আরো দুজনকে মৃত ঘোষণা করেন। একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অটোরিকশাটিতে পাঁচ যাত্রী ছিলেন। এর মধ্যে চারজন মারা গেছেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মরদেহ আনা হয়। বাকি দুজনের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। আহত আরেকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!