ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়ালন্দে লাইনচ্যুত শাটল ট্রেন উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ১৫ জুলাই ২০২৪
গোয়ালন্দে লাইনচ্যুত শাটল ট্রেন উদ্ধার
লাইনচ্যুত হওয়া শাটল ট্রেন -ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-ফকিরপাড়া-পোড়াদহগামী শাটল ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। প্রায় সোয়া ২ ঘণ্টা পর সোমবার সকাল ১০টার দিকে নিজস্ব উপায়ে লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করে কর্তৃপক্ষ।

এর আগে, সকাল পৌনে ৮টার দিকে ওই ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, ফিড মিল এলাকায় সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির একটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন।

Advertisement

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, লাইনচ্যুত বগিটি সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। ১১ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করে এ রুট সচল করা হয়। এছাড়া একই বছরের ১৪ অক্টোবর নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!