ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজিবাইকের দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী

হুমায়ুন কবির রনি, কুমিল্লা
প্রকাশিত: ১২:৪৯, ২৫ জুলাই ২০২৪
ইজিবাইকের দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী
সড়কে ইজিবাইকের দীর্ঘলাইন। ছবি: ডেইলি বাংলাদেশ

রিকশার নগরী কুমিল্লা। তবে দিন দিন রিকশাকে পাল্লা দিয়ে বাড়ছে ইজিবাইক, মিশুক ও অটোরিকশার সংখ্যা। এতে নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। অতিরিক্ত যানজটের কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রাণহানীর ও পঙ্গুত্ব বরণের মতো ঘটনাও ঘটছে প্রাইশই।

ইজিবাইক ও মিশুকের মাত্রাতিরিক্ত দৌরাত্ম্যের হাত থেকে পরিত্রাণ পেতে বেশ কয়েকবার সিটি কর্পোরেশন থেকে নানান কর্মসূচি হাতে নিলেও অজ্ঞাত কারণে তা আর বাস্তবায়িত হয়নি। ফলে সাধারণ মানুষের ভোগান্তিও কমেনি। শহরে ইজিবাইকের জট লেগে থাকে দিনের অধিকাংশ সময়েই। 

সাধারণ মানুষ বলছেন, শহরে বর্তমানে প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি ইজিবাইক ও মিশুক চলাচল করছে। এগুলো সংখ্যাও পুরোপুরি নিশ্চিত নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এসব ইজিবাইকের চালকরা অপ্রাপ্তবয়স্ক। এদের কোনো প্রশিক্ষণ না থাকার ফলে দুর্ঘটনা ঘটছে বেশি।

Advertisement

মিশুকের বেপরোয়া গতিতে পঙ্গত্বের শিকার হওয়ার আনোয়ার হোসাইন জানান, দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন ভুগছেন তিনি। চিকিৎসায় ব্যয় হয়েছে লক্ষাধিক টাকা।

সরেজমিনে দেখা যায়, নগরীর রাজগঞ্জ, কান্দিরপাড়ের পূবালী চত্বর, লিবার্টি মোড়, মনোহরপুরের মাতৃভান্ডারের মোড়, দেশওয়ালীপট্রি মোড়, বজ্রপুর মোড়, মোগলটুলি মোড়, চকবাজারের ফয়সল হাসপাতালের মোড় ও চকবাজার বেবীস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রতিদিন যখন তখন যানজটের কবলে পড়ছে মানুষ।  অটোরিকশা ও ইজিবাইকের যত্রতত্র পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ও পথচারীরা জানান, নিজেদের ইচ্ছেমতো নগরীর রাস্তার মোড়ে মোড়ে ওইসব বাহনের চালকরা অবৈধ স্ট্যান্ড গড়ে তুলেছেন।  অটোরিকশা ও ইজিবাইকের বিশৃঙ্খল চলাচলের কারণে যানজট সৃষ্টির পাশাপাশি পথচারীদেরও চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিনই কয়েক দফা যানজটের কবলে পড়েন শিক্ষার্থীরা ও সরকারি-বেসরকারি কর্মজীবীরা। ফলে সঠিক সময়ে যেমন স্কুল, কলেজ ও অফিসে পৌঁছতে পারেন না তেমনি ছুটি শেষে বাড়ি ফিরতেও দেরি হয়।

শিক্ষার্থী তানভির আহমেদ জানান, তার স্কুলে আসতে সময় লাগে প্রায় ১৫ মিনিট। কিন্তু ইজিবাইকের যানজটে পথে রিকশায় বসে থাকতে হয় ৪০ মিনিট।

জেলা পুলিশের ট্রফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, কুমিল্লা নগরীর মূল সড়কগুলো সরু হওয়ায় যান চলাচলে সমস্যা হয়। মাত্রাতিরিক্ত অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন জেলা পুলিশের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!