ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১ আগস্ট ২০২৪
রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

১২ দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে বৃহস্পতিবার (১ আগস্ট) রাজশাহী থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এদিন সকাল ৯টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের লোকাল ৫৬৩ ও রাজশাহী-খুলনা রুটের মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেনটি ছেড়ে গেছে।

রাজশাহী রেলস্টেশন থেকে প্রথমে মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় লোকাল ৫৬৩ ট্রেন। পরে ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরে আসে। রাতে ফিরবে খুলনায় যাওয়া ট্রেনটি। গত ১৯ জুলাই রাজশাহী রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

রেল কর্মকর্তারা জানান, আন্তঃনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাকশী ডিভিশনে আরো তিনটি ট্রেন চলছে। সেগুলো খুলনা–মোংলা, খুলনা–বেনাপোল ও রাজবাড়ী থেকে ভাঙ্গার মধ্যে চলাচল করছে।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, রাজশাহী থেকে আপাতত একটি লোকাল ও একটি মেইল ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। একটি মহানন্দা এক্সপ্রেস ও অপরটি লোকাল ৫৬৩ ট্রেন। আন্তঃনগর ট্রেন ছাড়ার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!