ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা বৃষ্টিতে আমন চাষিদের স্বস্তি

সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১৪:২৩, ৬ আগস্ট ২০২৪
টানা বৃষ্টিতে আমন চাষিদের স্বস্তি
হোসেনপুরে টানা ৪ দিনের বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন আমন চাষিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে টানা ৪ দিনের বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন আমন চাষিরা। এ উপজেলার কৃষকরা আমন চাষের জন্য বৃষ্টির অপেক্ষায় ছিলেন। ৪ দিনের টানা বৃষ্টিতে গভীর নলকূপ থেকে পানি না কিনে বৃষ্টির পানিতে জমি সেচের কাজ করতে পারছেন তারা। ফলে চাষিদের খরচ কমছে।

সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে আমন ধান রোপণের অর্জিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে। ইতোমধ্যে উপজেলার নিচু এলাকায় প্রায় এক তৃতীয়াংশ আমন রোপণ করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার পুমদি, শাহেদল, গোবিন্দপুর, আড়াইবাড়িয়া ইউনিয়নের গ্রামগুলোতে আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে কিছু কিছু উঁচু জায়গায় এখনো কৃষকরা পানির অভাবে জমি প্রস্তুত করতে পারেন নি। 

Advertisement

কৃষকদের সাঙ্গে কথা বলে জানা যায়, এবছর জমিতে তারা বিনা সেভেন ৮, হাইব্রিড বিধান ৭, ২৮, ২৯, ৪৯, ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড, তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতের ধান রোপণ করছেন। আমন মৌসুম শুরুতেই সেচের পানি কিনতে হয়নি বলে বিঘায় কৃষকের সাশ্রয় হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা।

উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের আমন ধান চাষি নজরুল ইসলাম, চর বিশ্বনাথ গ্রামের রফিক মিয়া, সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের কামরুল ইসলামসহ অনেকেই জানান, ধানের দাম বাজার অধিক থাকায় আমন ধান রোপণ করছি অধিকাংশ জমিতে। আরো অনেক জমিতে রোপণ করা বাকি আছে। তারা আরো জানান, জমিতে ব্রি- হাইব্রিড জাতের ধানসহ অন্য ধান রোপণ করছেন।

কৃষক মো. জব্বার মিয়া বলেন, বৃষ্টি হওয়ায় আমাদের সেচ খরচ যেমন সাশ্রয় হয়েছে তেমনি এবার আমন চাষ একটু আগে ভাগেই শুরু হয়েছে। ফলে উৎপাদন শেষে আগেভাগেই জমি ফাঁকা হয়ে যাবে। সে সময় ফাঁকা জমিতে সরিষা বা অন্য কোনো ফসল চাষ করে কৃষকরা লাভবান হতে পারবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান, টানা চার দিন বৃষ্টি হওয়ায় বৃষ্টির পানিতে কৃষকরা আমন চারা রোপণ করতে পারছেন। পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে রোপা আমন উৎপাদনে যে লক্ষ্যমাত্রা আছে সেটা পূরণ হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!