ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে লাশ হলেন দুই শ্রমিক
শেরপুরের শ্রীবরদীতে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সিংগাবরনা ইউপির নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মামুন মিয়া (৪০) ও সাদু মিয়া (৬০)। মামুন নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে। সাদু মিয়া পার্শ্ববর্তী বগুলাকান্দি গ্রামের ফজল হকের ছেলে।
এলাকাবাসী জানান, রোববার বিকেলে কৃষক মামুন ও সাদু মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান মামুন ও সাদু মিয়া। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। মামুনের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। অপরদিকে সাদু মিয়ার ২ ছেলে ও ২ মেয়ে সন্তান। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।
.png)
স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল বলেন, ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুরের বকশিগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রপাতে ওই দুইজনের মৃত্যু হয়।