ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চালু, খুশি পঞ্চগড়ের যাত্রীরা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ১৫ আগস্ট ২০২৪
২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চালু, খুশি পঞ্চগড়ের যাত্রীরা
ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু। ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান সমস্যার কারণে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর অবশেষে ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন পর রেলে ভ্রমণ করতে পেরে খুশি দেশের দীর্ঘতম রুট পঞ্চগড়ের যাত্রীরা। তবে কয়েকমাস আগে এই রুটে চলাচলকারী রেলের আধুনিক ও নতুন বগিগুলো অন্য রুটে স্থানান্তর ও অন্য রুটের ভাঙাচোরা বগিগুলো এই রুটে চলাচলকারী ট্রেনের সঙ্গে সংযুক্ত করায় এই ভোগান্তি থেকে মুক্তি চেয়েছেন সাধারণ যাত্রীরা৷  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যথাসময়ে ছেড়ে গেছে পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি।

জানা যায়, দেশের দীর্ঘতম রেলরুট পঞ্চগড়-ঢাকা। এ রুটে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন নিয়মিত চলাচল করছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সেই সঙ্গে সরকার পতনসহ বিভিন্ন কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ জেলায় কয়েক হাজার যাত্রী। অনেকে নিরুপায় হয়ে বাসে যাতায়াত করতে বাধ্য হয়েছেন৷ এতে গুনতে হয়েছে দ্বিগুণ ভাড়া, ভোগান্তি ও সময়ে অপচয়।

Advertisement

একেএম ইবনে মাসুদ নামে এক যাত্রী বলেন, দীর্ঘদিন পর ট্রেনে ভ্রমণ করতে পেরে আমি অনেক খুশি। ২৭ দিন ধরে আমাদের বাসে যাতায়াত করতে হয়েছে। এবং অনেক টাকা ও সময় অপচয় হয়েছে। তাই ট্রেন চালু হওয়ায় আমরা ভোগান্তির হাত থেকে রক্ষা পেলাম।

হুমায়ুন কবীর নামে আরেক যাত্রী বলেন, পঞ্চগড় থেকে ঢাকা অনেক দূরের পথ। ১২ থেকে ১৩ ঘণ্টা আমাদের জার্নি করতে হয়। কিন্তু আগে ট্রেনের অবস্থা ভালো থাকলেও গত কয়েকমাস ধরে এখানে পুরাতন ও ভাঙাচোরা বগি দিয়ে ট্রেনগুলো চালানো হচ্ছে। এতে আমাদের অনেক সমস্যা ও ভোগান্তি হচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তাই আমরা বৈষম্যের শিকার থেকে মুক্তি চাই।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ জানান, সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতসহ যাবতীয় প্রস্তুতি নিয়ে যথাসময়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!